বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

দেশের প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবাকেন্দ্র চালু হবে: প্রধানমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক: ০৫ ডিসেম্বর’১৯: দেশের প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশের ৬৪টি জেলার ৩৯টি উপজেলায় মোট ১০৩টি প্রতিবন্ধী সেবা চালু রয়েছে বলে জানান সরকারপ্রধান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য ভাতা, বৃত্তি ও উপবৃত্তি দিচ্ছে সরকার। দখলে থাকা সরকারি জমি দখলমুক্ত করে প্রতিবন্ধীদের জন্য কাজে লাগানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী সম্পর্কে একটা সচেতনতা সৃষ্টি- এটা আমাদের সরকার প্রতিবছরই করে থাকি এবং অত্যন্ত মর্যাদার সঙ্গে এ দিবস আমরা পালন করি।
তিনি আরও বলেন, জাতিসংঘ কর্তৃক গৃহীত ‘প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সংক্রান্ত কনভেনশন (সিআরপিডি)’ চুক্তিতে বাংলাদেশ সাক্ষর করেছে, আমি সাক্ষর করেছি এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন মূলনীতি ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড’ অর্থাৎ কেউ পেছনে পড়ে থাকবে না। এ অনুযায়ী আমরা দেশের সব প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।
সরকারপ্রধান বলেন, ১৯৯৯ সালে আমরা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। ফাউন্ডেশন থাকলে সুবিধা হলো, এখানে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অনেকে অনুদান দেয়, অনেকে বিভিন্ন অবদান রাখে, আন্তর্জাতিকভাবেও অনেক প্রতিষ্ঠান আছে, যেগুলো এ ফাউন্ডেশনকে সহযোগিতা করে। এছাড়াও অনেক ধরনের সুযোগ এ ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ফাউন্ডেশন আছে। এ জন্যই এ ফাউন্ডেশনটা আমি ওই সময় করে দিয়েছিলাম।
বঙ্গবন্ধুকন্যা বলেন, স্বাধীনতার পর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র বাংলাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনেক জায়গা দিয়ে গেছেন। যে জায়গাগুলোতে মূলত আরও বেশি প্রতিষ্ঠান আমরা গড়তে পারি। ইতিমধ্যে আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আমি নির্দেশ দিয়েছি যে, কোন কোন জেলা- উপজেলায় আমাদের জমি আছে? কারণ বহু পতিত জমি আছে, বহু জমি দখল হয়ে গেছে- সেগুলো আমরা খুঁজে বের করছি।
তিনি বলেন, আমরা একেবারে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি করা এমনকি কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের প্রতিবন্ধীদের জন্য আমরা করব। সেটা আমাদের লক্ষ্য আছে।

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

ধুমপান না করলে কর্মীদের অতিরিক্ত ৬ দিনের ছুটি দিচ্ছে সংস্থা!


স্বাস্থ্য ডেস্ক: ০৩ ডিসেম্বর’১৯: ধুমপান না করলে কর্মীদের অতিরিক্ত ৬ দিনের ছুটি দিচ্ছে জাপানের একটি সংস্থা। সিএনবিসি জানিয়েছে, টোকিওর বিপণন সংস্থা পিয়ালা ইনক সিগারেট বিরতিতে সময় নষ্ট হওয়া নিয়ে অসন্তোষের মোকাবেলা করতেই এই নীতিটি চালু করে।
সংস্থার অফিসটি ২৯ তলায়! তাই কাউকে সিগারেট খেতে হলে বিরতি নিয়ে বেসমেন্টে যেতে হবে। এই ধরণের বিরতি সাধারণত ১৫ মিনিট পর্যন্ত লম্বা হত। যার ফলে ধুমপান করেন না এমন কর্মীদের মধ্যে বিষয়টি বিরক্তি সৃষ্টি করেছিল। তাদের অভিযোগের কথা শোনার পরেই সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা ধুমপান করেন না এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।
সিএনবিসি জানিয়েছে, পিয়ালা ইনক'র একজন মুখপাত্র হিরোতাকা মাতসুসিমার কথায়, “আমাদের ধুমপান করেন না এমন এক কর্মী বছরের শুরুতেই সংস্থার ‘সাজেশন বাক্সে' একটি বার্তা রেখে যান যে ধুমপান বিরতি বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্তব্যটি দেখেন এবং বিষয়টাতে সম্মত হন, সুতরাং আমরা ধুমপায়ী নন এমন মানুষদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ছুটি দিচ্ছি।"
তাকাও আসুকা বলেন, “আমি আশা করি কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে ইন্সেন্টিভ দেওয়ার মাধ্যমে ধুমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।"

বড়াইগ্রামে জোড়া লাগা শিশুর জন্ম


স্বাস্থ্য ডেস্ক: ০৩ ডিসেম্বর’১৯: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামে জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন আদরী বেগম (৩২) নামের এক গৃহবধূ।
সোমবার সকালে স্থানীয় ধাত্রীর মাধ্যমে ওই গৃহবধূর ডেলিভারি করানো হয়। সদ্য ভূমিষ্ঠ শিশু দুটি সুস্থ আছে। খবরটি ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য শত শত নারী পুরুষ ওই বাড়িতে ভিড় জমান।
গৃহবধূ আদরী বেগম আটুয়া গ্রামের তাজেল হোসেনের স্ত্রী। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, ভূমিষ্ঠ শিশু দুটির দেহ পেছনের দিক থেকে কোমরের কাছে পরস্পর জোড়া লাগানো। তাদের উভয়ের একটি প্রস্রাবের অঙ্গ ও মল ত্যাগের জন্য একটি পায়ুপথ রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পৃথক রয়েছে।
শিশু দুটি সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।
এদিকে, খবর পেয়ে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন শিশু দুটিকে দেখতে যান। এ সময় তিনি দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে যমজ শিশু ও প্রসূতি মাকে আর্থিক সহায়তাসহ নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

স্বাস্থ্য ডেস্ক: ০৩ ডিসেম্বর’১৯: ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানি জীবাণু ও দূষণমুক্ত করতে চার দফা সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি এই প্রতিবেদন জমা দেয়। এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বর শুনানি হতে পারে বলে জানা গেছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে নগরবাসীর জন্য সুপেয়পানি নিশ্চিতে চার দফা সুপারিশ করা হয়েছে।
১. পানিতে দূষণ বা জীবাণুর সংক্রমণ ঠেকাতে ঢাকা ওয়াসার উচিত পানি সরবরাহ লাইনগুলোর মেরামত করা ও লাইনগুলো আধুনিক করা। এ জন্য ঢাকা ওয়াসাকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
২. ঢাকা শহরে সরবরাহকৃত পানির মান যাচাই ও মনিটরিং করার জন্য তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ক্যাম্পেইন চালু করতে হবে। এছাড়া এ ক্যাম্পেইনের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে। বছরজুড়ে এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
৩. ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাতে হবে যাতে তারা বাসা-বাড়িতে থাকা পানির ট্যাংকি ও হাউসগুলো পরিষ্কার রাখে।
৪. অবৈধ পানির সংযোগ বন্ধ করতে হবে যাতে সুপেয় পানির সরবরাহ নিরাপদ থাকে ও পানি দূষণমুক্ত থাকে।
২০১৮ সালের ৬ নভেম্বর হাইকোর্টের দেয়া এক নির্দেশে ঢাকা ওয়াসার পানি আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাবি অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে পরীক্ষা করে। এই পরীক্ষার প্রতিবেদন গত ৭ জুলাই আদালতে দাখিল করা হয়।
ওই প্রতিবেদনে ৮টি নমুনায় ব্যাকটেরিয়াসহ ক্ষতিকর জীবাণু পাওয়ার কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনেই ক্লোরিনের তথ্য রয়েছে। কিন্তু এই তথ্য অস্বীকার করে ঢাকা ওয়াসা। এ অবস্থায় ওয়াসা মিরপুর ও পাতলাখান লেনের পানি আবার পরীক্ষা করে গত ৩০ জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করে।
এই দুটি প্রতিবেদনের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চান আদালত। হাইকোর্টের এই নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। এই কমিটি ৭ ও ৩০ জুলাইয়ের প্রতিবেদন দেখে তাদের মতামত দিয়েছে।

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

এক হাসপাতালে ১২ জোড়া যমজ শিশু'র জন্ম!



স্বাস্থ্য ডেস্ক: ০২ ডিসেম্বর’১৯: মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরের সেইন্ট লুকস হাসপাতালে গত এক সপ্তাহে মোট ১২ জোড়া যমজ শিশু জন্ম নিয়েছে। যমজ শিশুগুলোর পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের।
এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনওদিনই একই সময়ে এত যমজ শিশুর জন্ম হয়নি তাদের হাসপাতালে।
হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস জানান, ‘আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত যমজ কখনও দেখিনি।’
হাসপাতালটির আরেক নার্স কায়লা অ্যান্ডারসন বলেন, ‘আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া যমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।’
জানা গেছে, ১২ যমজের সবাইকে আইসিইউ'তে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে। আলোকচিত্রী হেলেন র‍্যানসম নবজাতকদের ছবিগুলো তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

২০২০ সালে সারাদেশে এইচআইভি পরীক্ষা সেবা: স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ডেস্ক: ০২ ডিসেম্বর’১৯: ২০২০ সালেই গোটা দেশে এইচআইভি টেস্টিং সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এইচআইভিতে আক্রান্তের হারের দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থায় আছে।
বিশ্ব এইডস দিবস-২০১৯ উপলক্ষে রবিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠানটির আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বে যেখানে চার কোটি মানুষ এইচআইভি এইডস রোগে আক্রান্ত সেখানে বাংলাদেশে বর্তমানে ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে যা বিশ্বের তুলনায় মাত্র ০ দশমিক ০১ শতাংশ।’
‘তবে এই রোগ যাতে দ্রুত শনাক্ত করা সম্ভব হয় এবং একজন থেকে অন্যজনের দেহে বাসা বাঁধতে না পারে তার জন্য ২০২০ সালেই গোটা দেশে এইচআইভি পরীক্ষা সেবা চালু করা হবে।’
আলোচনা সভায় বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব দেন এবং এইডস হলে তা লুকিয়ে না রেখে অন্যান্য অসুখের মতোই সময়মত চিকিৎসা নেবার পরামর্শ প্রদান করেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী এইডস সচেতনতা সংক্রান্ত একটি মেলা উদ্বোধন করেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, এইচআইভি ফোকাল পার্সন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীনা পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ড. আসা টরকিলসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. মিয়া স্বপল এসটিআই, এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশের প্রতিনিধি আবু ইউসুফ চৌধুরীসহ মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্পেনে প্রধানমন্ত্রী



স্বাস্থ্য ডেস্ক: ০২ ডিসেম্বর’১৯: ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি মাদ্রিদ টররেজন বিমানবন্দরে পৌঁছে।
এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
প্রসঙ্গত, আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেরে সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২ ডিসেম্বর সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানি আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি। ৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।